চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০২ জনের মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে আরও ১ হাজার ৩২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় মৃতদের দুজন পুরুষ ও তিনজন নারী। পুরুষ দুজনের বয়স ৫৬ থেকে ৬৫ বছরের মধ্যে। নারী দুজনের বয়স ১৬ থেকে ২৫ বছরের মধ্যে এবং একজনের বয়স ৪৬ থেকে ৫০ বছরের মধ্যে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ১২১, চট্টগ্রামে ১২৯, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৯৮, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪২, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৮, খুলনায় ২৪৬, ময়মনসিংহে ৮৭, রাজশাহী ১১৪,  রংপুরে ৩৪ এবং সিলেটে ৫ ভর্তি হয়েছেন। এই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৮০ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ হাজার ১৭০ জন। মৃত্যু হয়েছে ১০২ জনের। মৃতদের  মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জন।

চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০, মে মাসে ৭১৪, জুনে ২ হাজার ৯০৭, জুলাইয়ে ৯ হাজার ২০৬ এবং আগস্টে ২০ হাজার ৫৩৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী।