ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটে ১০ টাকা প্রণোদনা

টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ¦ালানির প্রসারে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থায় বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে সরকার। এ ব্যবস্থায় নিজস্ব ব্যবহারের পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করলে প্রতি ইউনিটের জন্য ১০ টাকা ৫০ পয়সা হারে মূল্য পাবেন গ্রাহক। বিশেষ প্রণোদনা কার্যকর হবে ১ সেপ্টেম্বর থেকে। এর আগে নেট মিটারিং ব্যবস্থায় স্থাপিত সৌর প্যানেল থেকে দিনের বেলা ব্যবহারের অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করা হতো। রাতে আবার সেই পরিমাণ গ্রিড থেকে দিয়ে দেওয়া হতো। গ্রাহককে কোনো অর্থ প্রদান করা হতো না। আগের পদ্ধতির সঙ্গে এখনকার পদ্ধতির পার্থক্য হচ্ছে আগে ব্যাটারি বা বিদ্যুৎ সংরক্ষণের ব্যবস্থা ছিল না। এখন গ্রাহক দিনে বিদ্যুৎ উৎপাদন করে ব্যবহার করবেন। একই সঙ্গে ব্যাটারিতে সংরক্ষণ করবেন। এরপর অতিরিক্ত বিদ্যুৎ থাকলে তা সরকারের কাছে বিক্রি করতে পারবেন।  এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমান বাজারদর ও বিদ্যুৎ বিভাগে পাওয়া বিভিন্ন দরপত্রের মূল্য বিবেচনায় ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের ব্যয় প্রতি ইউনিট সর্বোচ্চ ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে ২০ শতাংশ মুনাফা এবং ১১ দশমিক ২৫ শতাংশ প্রিমিয়াম যুক্ত করে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ১০ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নেট মিটারিং নির্দেশিকা, ২০২৫-এর আওতায় যেসব গ্রাহক আগামী ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করবেন এবং নিজস্ব ব্যবহারের পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করবেন, তারা পরবর্তী তিন বছর অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি ২০৩০ পর্যন্ত প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ১০ টাকা ৫০ পয়সা পাবেন।

তবে কোনো গ্রাহক নির্ধারিত ৮ টাকা ব্যয়ের চেয়ে কম খরচে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে পারলে সাশ্রয়কৃত অর্থ তার লভ্যাংশ হিসেবে বিবেচিত হবে।