বাংলাদেশ বিমানবাহিনী যথাযথ মর্যাদায় গতকাল মঙ্গলবার সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ খাদেমুল বাশার, বীর উত্তম এবং স্কোয়াড্রন লিডার মফিজুল হকের ৫০তম শাহাদাতবার্ষিকী পালন করেছে। খাদেমুল বাশার মহান মুক্তিযুদ্ধে ৬ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে বীরত্বের সঙ্গে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা এবং স্বাধীনতা-পরবর্তী বিমানবাহিনী গঠনে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ বিমানবাহিনী তাকে কৃতজ্ঞচিত্তে ও শ্রদ্ধাভরে স্মরণ করে। এই সাহসী বৈমানিক ১৯৭৬ সালের ১ সেপ্টেম্বর এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শাহাদাতবরণ করেন। ওই দুর্ঘটনায় স্কোয়াড্রন লিডার মফিজুল হকও শাহাদাতবরণ করেন। তাদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিমানবাহিনীর সব ঘাঁটি ও ইউনিটের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ ছাড়া বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারে তাদের কবরে ফাতেহা পাঠের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি