দেশের প্রথম রোবোটিক সার্জারি ইউনাইটেড হাসপাতালে

দেশে প্রথমবারের মতো সফলভাবে রোবোটিক সার্জারি সম্পন্ন করেছে ইউনাইটেড হেলথকেয়ার। গত সোমবার রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে ইউনাইটেড হেলথকেয়ারে ‘মেডবট তুমাই এন্ডোস্কোপিক সার্জিক্যাল রোবট’-এর মাধ্যমে দুটি অস্ত্রোপচার করা হয়। ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ও প্রধান পরামর্শক অধ্যাপক ডা. রফিকুস সালেহীন বলেন, ‘এটি একটি মাইলফলক। আমরা এই পরিবর্তনের অংশ হতে পেরেছি।’

৫৭ বছর বয়সী এক পুরুষ রোগীর রোবোটিক কোলেসিস্টেকটমি অস্ত্রোপচারে নেতৃত্ব দেন তিনি। এ অস্ত্রোপচারে রোগীর পিত্তথলির পাথর অপসারণ করা হয়। পরে জরায়ুতে অস্বাভাবিক রক্তক্ষরণে ভোগা ৪৫ বছর বয়সী এক নারীর রোবোটিক হিস্টেরেকটমি করেন হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক ও প্রধান অধ্যাপক ডা. সামছাদ জাহান শেলী। এ অস্ত্রোপচারে ওই নারীর জরায়ু অপসারণ করা হয়।

প্রথম অস্ত্রোপচারের পর রোবোটিক সার্জারির সুবিধা তুলে ধরেন অধ্যাপক সালেহীন। সাংবাদিকদের তিনি বলেন, ‘রোবোটিক আর্ম ৩৬০ ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে, যা মানুষের হাতের নড়াচড়ার চেয়ে অনেক বেশি। ফলে শরীরের খুব সংকীর্ণ ও জটিল জায়গাতেও আরও নিখুঁতভাবে কাজ করা সম্ভব হয়। এতে রক্তনালি ও আশপাশের গুরুত্বপূর্ণ অঙ্গ নিরাপদ রাখা, কম কাটাছেঁড়ায় চিকিৎসা করা, রক্তক্ষরণ কমানো এবং রোগীর দ্রুত সুস্থ হয়ে ওঠার সুযোগ তৈরি হয়। প্রথম অস্ত্রোপচার করা রোগীকে দুয়েক দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে।

সফল অস্ত্রোপচার উপলক্ষে গতকাল মঙ্গলবার হসপিটালে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউনাইটেড মেডিকেল কলেজের চেয়ারম্যান অধ্যাপক ডা. একিউএম মোহসেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনাইটেড হেলথকেয়ারের ডিরেক্টর ডা. আজহারুল ইসলাম খান, ইউনাইটেড হেলথকেয়ারের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের প্রধান অধ্যাপক ড. সামছাদ জাহান (শেলী) ও কার্ডিয়াক সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ডা. মোফাসসেল উদ্দীন আহমেদ।