বোয়ালমারীতে আগস্টে ১২ অস্বাভাবিক মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে আগস্ট মাসে বেশ কিছু অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। সাপের কামড়, বিদ্যুৎস্পৃষ্ট, ট্রেনের ধাক্কা ও ছাদ থেকে পড়ে এবং বিভিন্ন ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় নিহতদের মধ্যে শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ ও গৃহবধূ রয়েছেন। কয়েকটি ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা এবং উঠেছে নানা প্রশ্ন।

স্থানীয় সূত্র অনুযায়ী, আগস্ট মাসে উপজেলার বিভিন্ন এলাকায় এসব অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। গত ৫ আগস্ট গভীর রাতে বিষধর সাপের কামড়ে মারা যান সাতৈর ইউনিয়নের জয়নগর-চরভাগদিয়া গ্রামের মুদি দোকানি মো. আক্কুব্বর শেখ (৩৫)। রাত ১১টার দিকে দোকানে যাওয়ার পথে গোখরা সাপের কামড়ে আহত হওয়ার পর তাকে প্রথমে স্থানীয় এক ওঝার কাছে নেওয়া হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

৮ আগস্ট বিকেলে শেখর ইউনিয়নের শেখর বাজারসংলগ্ন অরক্ষিত রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় রহিমা বেগম (৯০) নামে এক বৃদ্ধার মৃত্যু হন। স্থানীয়দের ভাষ্য, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং কানে কম শুনতেন।

১০ আগস্ট সকালে সদর ইউনিয়নের চুকিনগর গ্রামে মাল্টিপ্লাগের সকেটে হাত দেওয়ার পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় তিন বছরের শিশু ফারদিন। সে ওই গ্রামের সৌদি আরবপ্রবাসী তারিকুল শেখের একমাত্র ছেলে।

গত ১২ আগস্ট রাতে পৌরসভার কলারণ গ্রামে মুসলিমা আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। বিয়ের মাত্র সাত মাসের মাথায় এ ঘটনা ঘটে। গৃহবধূর পরিবারের পক্ষ থেকে তাকে হত্যার অভিযোগ করা হলেও পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করে।

গত ১৭ আগস্ট সাতৈর ইউনিয়নের পাইকহাটি এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। এর দুই দিন পর ১৯ আগস্ট সকালে দুর্ঘটনাস্থলের পাশের একটি পুকুর থেকে হাফিজুর রহমান (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি দুর্ঘটনাকবলিত বাসের যাত্রী ছিলেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ১৯ আগস্ট রাতে গুণবহা ইউনিয়নের চরপাড়া এলাকায় বারাশিয়া নদীর কচুরিপানার ভেতর থেকে আনুমানিক ৭০ বছর বয়সী এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের ভাষ্য, ওই বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং কয়েক দিন ধরে এলাকায় ঘোরাফেরা করছিলেন।

গত ২২ আগস্ট ভোরে বোয়ালমারী পৌরসভার স্টেশন রোডের আজাহার মার্কেটের সামনে সড়ক থেকে ষাটোর্ধ  অজ্ঞাত এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। সিসিটিভি ফুটেজে আগের রাতে তাকে মার্কেটের ছাদে উঠতে দেখা যায়। পরে ভোরে ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। গত ২৩ আগস্ট সকালে শেখর ইউনিয়নের সহস্রাইল বাজারে ভাড়া বাসা থেকে ইলিয়াস শেখ (৪৩) নামে এক কাঠমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাটিকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করলেও পরিবারের পক্ষ থেকে তাকে হত্যার অভিযোগ করা হয়েছে। নিহতের বিরুদ্ধে তার স্ত্রীর করা একটি মামলা চলমান ছিল বলে পরিবার সূত্রে জানা গেছে।

২৭ আগস্ট বিকেলে চতুল ইউনিয়নের চতুল উচ্চ বিদ্যালয়সংলগ্ন এলাকায় চলন্ত ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে জাহিদুল (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়। এ ঘটনায় সাজেদুল শেখ (১২) নামে আরেক কিশোর গুরুতর আহত হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ট্রেনের ছাদে দৌড়াদৌড়ির সময় রেললাইনের পাশের গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে তারা ছিটকে পড়ে। গত ২৮ আগস্ট সকালে শেখর ইউনিয়নের সহস্রাইল বাজারে ভাড়া বাসা থেকে জসিম সরদার (২২) নামে এক রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি মাদক সেবনে অভ্যস্ত ছিলেন। পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও পুলিশ মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত করছে। গত ২৯ আগস্ট সকালে ময়না ইউনিয়নের বানিয়ারী এলাকায় ধানক্ষেতের আইলের পাশে ইব্রাহিম (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে তার কোমরে একটি প্লাস এবং পাশে পানি দেওয়ার মোটরের কাটা তার পাওয়া যায়। সেচপাম্পের মালিকের ধারণা, মোটর বা বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

গত ৩০ আগস্ট বিকেলে উপজেলার রূপাপাত ইউনিয়নের কাটাগড় গ্রামে বালতিতে রাখা পানিতে পড়ে আয়েশা নামে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আয়েশা কাটাগড় গ্রামের আশিক মোল্লার একমাত্র মেয়ে ছিলো। শিশুটিকে গোসল করানোর জন্য বাড়ির আঙিনায় একটি বালতিতে পানি রাখা ছিলো। এক পর্যায়ে ঘুম থেকে উঠে হামাগুড়ি দিয়ে বালতির কাছে গিয়ে শিশুটি বালতির মধ্যে পড়ে যায়। 

এদিকে একই মাসে এতগুলো অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে কয়েকটি ঘটনায় আত্মহত্যা, দুর্ঘটনা কিংবা অন্য কোনো কারণে মৃত্যু- এ নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে। কোথাও পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ উঠেছে, আবার কোথাও মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ ব্যাপারে বোয়ালমারী প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী হাসান ফিরোজ বলেন, এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে অরক্ষিত রেলক্রসিং, ট্রেনের ছাদে যাত্রী ওঠা, বৈদ্যুতিক সংযোগের ঝুঁকি এবং বিষধর সাপের উপদ্রবের মতো বিষয়গুলোতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও জনসচেতনতা বাড়ানো প্রয়োজন।