কলকাতায় আনন্দবাজার পত্রিকা ভবনের সামনে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে কয়েকজনকে গেরুয়া পাগড়ি পরে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে দেখা যায়। এ সময় বিক্ষোভকারীদের একজন ভবনের সামনের দেয়ালে গেরুয়া রং লাগিয়ে দেন। পত্রিকাটির বিরুদ্ধেও স্লোগান দেন তারা। খবর বিবিসি বাংলার।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিক্ষোভের সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তাদের ভূমিকা ছিল নিষ্ক্রিয়।
ঘটনার সঙ্গে আনন্দবাজার পত্রিকায় গত ২১ আগস্ট প্রকাশিত একটি শিরোনামের যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ২০ আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ডানপন্থী ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরদিন ওই ঘটনা নিয়ে আনন্দবাজার পত্রিকার শিরোনাম ছিল ‘গেরুয়া গুন্ডামি’।
ভারতে ক্ষমতাসীন বিজেপির প্রতীকে গেরুয়া রঙ ব্যবহৃত হয়। ওই শিরোনামের সমালোচনা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
২৮ আগস্ট একটি সংবাদমাধ্যম আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় মুখ্যমন্ত্রী বলেন, ‘গেরুয়া তাণ্ডব’ শিরোনাম প্রত্যাহার করতে হবে। গেরুয়া শব্দকে কালিমালিপ্ত করতে দেব না। তাঁর এই বক্তব্য আনন্দবাজার পত্রিকাকে উদ্দেশ করেই দেওয়া হয়েছে বলে মনে করা হয়।
এরপর আনন্দবাজার পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক আপত্তিকর পোস্ট ছড়িয়ে পড়ে। পাশাপাশি পত্রিকাটির সম্পাদকের বিরুদ্ধে বউবাজার থানায় এফআইআর দায়ের করে হিন্দু জাগরণ মঞ্চ নামের একটি সংগঠন।
আনন্দবাজার পত্রিকা ভবনের সামনে বিক্ষোভকারীদের একজন বক্তব্যে বলেন, ‘পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদ মুখার্জি ও বিবেকানন্দের মাটি, এটা গেরুয়ার মাটি। এই মাটিতে গেরুয়া নিয়ে কুমন্তব্য করার প্রচেষ্টা বরদাস্ত হবে না।’
তবে বিক্ষোভকারীদের সঙ্গে বিজেপির কোনো ধরনের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে আনন্দবাজার পত্রিকার পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি।