বান্দরবান পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৯০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বান্দরবান পৌরসভার আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী।
বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সজীব কান্তি রুদ্র, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ কামরুল হাসান খান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী সাচিং প্রু জেরী বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার উন্নয়নে সরকারের সার্বিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে। তিনি শিক্ষার্থীদের পড়ালেখায় আরও মনোযোগী হওয়ার পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী বান্দরবান পৌর এলাকার ৯০ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।
..........................................