চোখ জুড়ানো সেই বাঁকানো শট, মাঠে ক্ষিপ্র গতি আর গোল করার ভঙ্গি, ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে আলোচিত নাম এই মুহূর্তে স্পেনের তরুণ সেনসেশন লামিন ইয়ামাল। তবে তাকে দেখার জন্য এখন আর স্পেনের বার্সেলোনায় যাওয়ার প্রয়োজন নেই!
ভারতের অলি-গলিতেই এখন খেলে বেড়াচ্ছেন ‘ইয়ামাল’। আক্ষরিক অর্থেই কেরালার বাসিন্দা অ্যালেন জেমস প্রায় ইয়ামালের অবিকল এক প্রতিচ্ছবি।
কেরালার কোল্লাম জেলার চাক্কুভাল্লির ১৫ বছরের সাধারণ এক স্কুলছাত্র অ্যালেন। দশম শ্রেণীতে পড়ুয়া এই কিশোর ঘুণাক্ষরেও টের পায়নি যে, সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ছোট্ট ভিডিও তাকে রাতারাতি সেলিব্রেটিতে পরিণত করবে।
ইনস্টাগ্রামে এক ভিডিও আপলোড হওয়ার পর থেকেই শুরু হয় হুলুস্থুল। কেরালার রাস্তায় বার্সেলোনার জার্সি গায়ে তার ড্রিবলিং করা সেই ভিডিওতে হুমড়ি খেয়ে পড়েন নেটিজেনরা। চুল কাটার স্টাইল, মুখের অবয়ব থেকে শুরু করে মুচকি হাসি সবকিছুতেই হুবহু ইয়ামালকে খুঁজে পাওয়ায় ভক্তরা তাকে ভালোবেসে নাম দিয়েছেন ‘আলিবাবা থেকে অর্ডার দেওয়া লামিন’ কিংবা ‘লক্ষ্মী ইয়ামাল’। পরে তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় নিউজ এজেন্সি এএনআই-ও একটি ভিডিও পাবলিশ করেছে।
সবচেয়ে মজার ব্যাপার হলো, দেখতে শুধু বার্সেলোনা তারকার মতো হওয়াই নয়, রক্তে তারও বইছে ফুটবল প্রেম। নিজের স্কুল দলের হয়ে ডিফেন্ডার হিসেবে নিয়মিত ফুটবল খেলেন অ্যালেন। বন্ধুরা শুরুতে মজা করলেও এখন এই আকস্মিক খ্যাতির সুবাদে তার ইনস্টাগ্রাম অনুসারী কয়েকশ থেকে লাফিয়ে লাফিয়ে পৌঁছে গেছে দশ হাজারের ঘরে। এমনকি স্থানীয় বিভিন্ন অনুষ্ঠান এবং শপ ওপেনিংয়ের অতিথি হিসেবেও ডাক আসছে তার কাছে।
তবে চেহারায় ইয়ামালের ছাপ থাকলেও এই কিশোরের হৃদয়ের আসল সিংহাসন জুড়ে রয়েছে অন্য এক মহাতারকা, লিওনেল মেসি। পড়াশোনা আর ফুটবলের সবুজ মাঠের চেনা রুটিনের মাঝেই বর্তমানে এই অদ্ভুত সোশ্যাল মিডিয়া স্টারডম বেশ উপভোগ করছেন কেরালা তথা ইন্টারনেটের নতুন সেনসেশন অ্যালেন জেমস।