স্ত্রীর মোবাইল ফোনের আবদার মিটিয়ে যুবকের আত্মহত্যা 

হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক টানাপোড়েনের মধ্যে স্ত্রীর আবদারে মোবাইল ফোন কিনে দেওয়ার পর আব্দুর রহিম (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার (২ সেপ্টেম্বর) ভোররাতে মাধবপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম ওই এলাকার আবুল বাশারের ছেলে।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, স্ত্রীর জন্য মোবাইল ফোন কিনে দেওয়া নিয়ে আব্দুর রহিমের সঙ্গে পারিবারিক মনোমালিন্য চলছিল। বিষয়টি নিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে দাবি করেছেন স্বজনরা। মঙ্গলবার রাতে পারিবারিক টানাপোড়েনের মধ্যেই তিনি একটি মোবাইল ফোন কিনে এনে স্ত্রীকে দেন। 

এরপর বুধবার ভোররাতে পরিবারের সদস্যদের অগোচরে ঘরের ভেতর গলায় ফাঁস দেন আব্দুর রহিম। পরে স্বজনরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, স্ত্রীকে মোবাইল ফোন কিনে দেওয়ার বিষয়টি নিয়ে ওই যুবকের সঙ্গে মনোমালিন্য চলছিল। এ ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে স্বজনরা জানিয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।