কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদের অভিযোগে দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিপুল পরিমাণ ইউরিয়া, ডিএপি ও এমওপি সার মজুদের তথ্য পাওয়া যায়। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে গছিডাঙ্গা কুড়ারপাড় এলাকায় মো. শফিকুল ইসলাম খোকনের মালিকানাধীন মেসার্স খোকন ব্রিক্সের দুটি ঘরে অভিযান চালিয়ে ১৬ বস্তা ইউরিয়া ও ৭ বস্তা ডিএপি সার পাওয়া যায়। অবৈধভাবে সার মজুদের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া কুড়ারপাড় বাজারের সার ব্যবসায়ী রফিকুল ইসলামের মেসার্স রফিক ট্রেডার্সের দোকানে অভিযান চালিয়ে ৯ বস্তা এমওপি সার পাওয়া যায়। এ ঘটনায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে সার মজুদ করে কৃষকদের কাছে বেশি দামে বিক্রির চেষ্টা করে আসছে এমন তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা সার পরবর্তী সময়ে উপজেলা কৃষি কর্মকর্তা সরকারি মূল্যে ওই ইউনিয়নের কৃষকদের কাছে বিক্রি করা হবে।
কৃষি মৌসুমে সারের কৃত্রিম সংকট ও কালোবাজারি ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম তারেক উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জব্বার ও ভূরুঙ্গামারী থানা পুলিশের সদস্য, গণমাধ্যমকর্মী ও স্থানীয় রাজনৈতিক নেতারা।