দেশে ফিরেই একাধিক প্রকল্প বাস্তবায়নের কাজে নেমে পড়েছেন চিত্রনায়ক শাকিব খান। শুরুতেই শেষ করবেন ‘সোলজার’ সিনেমার বাকি অংশের শুটিং। আগামী সপ্তাহেই সিনেমাটির কয়েকটি দৃশ্যের কাজ শেষ হবে বলে জানান এই তারকা। এরপর শুটিং শুরু করবেন মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় নতুন সিনেমার কাজ। এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। দুই মাস আগেই সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিব্দ্ধ হন তিনি। এছাড়া পর্যায়ক্রমে আরও কিছু কাজে অংশ নেয়ার কথা রয়েছে শাকিবের।
টানা দুই মাস যুক্তরাষ্ট্র সফর শেষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে ঢাকায় ফেরেন সময়ের শীর্ষনায়ক শাকিব খান। গত ২ জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন শাকিব। দীর্ঘ এই সফরে ব্যক্তিগত কাজের পাশাপাশি ব্যবসায়িক কিছু কাজও করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী হওয়ায় বছরের একটি নির্দিষ্ট সময় সেখানে অবস্থান করতে হয় তাকে।এবারের সফরেও ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজের পাশাপাশি সেই নিয়ম মেনেই যুক্তরাষ্ট্রে ছিলেন শাকিব।