বাসচাপায় সরকারি কলেজের হিসাবরক্ষক নিহত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাসচাপায় গোলাম রব্বানী নামের  সরকারি কলেজের এক হিসাবরক্ষক  নিহত হয়েছেন। এ ঘটনায় আরাবী নামের এক শিশু আহত হয়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে উপজেলা সদরের পশ্চিমপাড়ায় সাদুল্লাপুর-মাদরারগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত গোলাম রব্বানী (৩৫) গাইবান্ধা সদরের বিষ্ণপুর গ্রামের জিন্নাহ মিয়ার ছেলে ও সাদুল্লাপুর সরকারি কলেজের হিসাবরক্ষক। পরিবারসহ তিনি সাদুল্লাপুর সদরে ভাড়া বাসায় থাকতেন।  

আহত আরাবী (১২) নিহত গোলাম রব্বানীর ছেলে ও স্থানীয় এক মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তাকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে গোলাম রব্বানী তার ছেলে আরাবীকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে উপজেলা সদরের পশ্চিমপাড়ায় একটি মাদরাসায় নিয়ে যাচ্ছিলেন। পথে ওই এলাকায় বিপরীতমুখী ঢাকাগামী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত ও ছেলে আরাবী আহত হয়।

সাদুল্লাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বাসটি জব্দ করা গেলে চালক ও তার সহকারি পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।