নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. রফিকুল ইসলাম (২৮) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ স্থানীয় অধিবাসীদের ফোনকলের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. রফিকুল ইসলাম মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী থানার বরুনদা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি ফতুল্লার মুসলিম নগর এলাকার ‘তাহসিনুল কোরআন মাদ্রাসা’য় শিক্ষকতা করে আসছিলেন।
ঘটনা ও এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক রফিকুল ইসলাম রাতের বেলায় মাদ্রাসার ছাত্র আহাদকে (১৭) বাথরুমে নিয়ে যান। সেখানে তার মুখে গামছা বেঁধে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে তাকে বলাৎকার করেন। বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয় উত্তেজিত জনতা অভিযুক্ত শিক্ষককে আটক করে মারধর করে।
বুধবার (০২ সেপ্টেম্বর) বিকেলে মুসলিম নগর এলাকা থেকে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান এবং দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। ৯৯৯-এর কলটেকার কনস্টেবল আল আমিন কলটি রিসিভ করেন এবং ডিসপাচার এএসআই তরুণ কুমার আচার্য্য তাৎক্ষণিকভাবে ফতুল্লা থানার সঙ্গে যোগাযোগ রেখে দ্রুত পুলিশি দল প্রেরণে সহায়তা করেন।
খবর পেয়ে ফতুল্লা থানার একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনগণের কাছ থেকে অভিযুক্ত রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় ফতুল্লা থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।