নাটোরে মাদকসহ চারজন আটক

নাটোরে পৃথক তিন অভিযানে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের মাদকদ্রব্যসহ এক নারীসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ১৪০ বোতল বিভিন্ন ধরনের মাদক, ১৫ লিটার চোলাই মদ ও দুই কেজি গাঁজা জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক মামলার পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রিফা রওনক নীতু জানান, বুধবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। রাতে নাটোর শহরের স্টেশন বাজার এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ মোছাঃ হেলেনা বেগম (৬৪) নামে এক নারীকে আটক করা হয়। হেলেনা বেগম দিনাজপুরের হাকিমপুর থানার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মৃত খোরশেদ আলমের স্ত্রী। 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আসাদুর রহমান নাটোর সদর থানায় একটি মামলা করেন।

এর আগে একই দিন বিকেলে শহরের চকবৈদ্যনাথ এলাকায় পৃথক অভিযানে ১৫ লিটার চোলাই মদসহ দুজনকে আটক করা হয়। তারা হলেন- চকবৈদ্যনাথ গ্রামের শ্রী শ্যামল ভূঁইয়ার ছেলে শ্রী সুরজ ভূঁইয়া এবং শ্রী বাবুল ভূঁইয়ার ছেলে শ্রী রঞ্জিত ভূঁইয়া। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সদর থানায় পৃথক দুটি নিয়মিত মামলা করা হয়েছে।

অন্যদিকে একই দিন সকালে বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামে মো. ইয়াকুব কবিরাজের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার বাড়ির শয়নকক্ষের বারান্দায় মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ফেনসিডিল জাতীয় ১৪০ বোতল বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়।

ইয়াকুব কবিরাজ কালিকাপুর গ্রামের মৃত মোখলেছ কবিরাজের ছেলে। এ ঘটনায় বুধবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সবুজ দেবনাথ বড়াইগ্রাম থানায় একটি মামলা করেন।