দুমকিতে রাতে টিনের চালে ঢিল, ফলজ গাছ কাটার অভিযোগ

পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নে গভীর রাতে বসতঘরে ঢিল নিক্ষেপ ও ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে দুমকি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ আগস্ট রাত থেকে ৩ আগস্ট সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে দুষ্কৃতকারীরা আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের ব্যবসায়ী আরিফ খানের বসতঘরের টিনের চালে ঢিল নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি করে। একই সঙ্গে বাড়ির আশপাশে থাকা কলাগাছসহ বিভিন্ন ফলজ ও বনজ গাছ কেটে ফেলে তারা। 

ভুক্তভোগীর দাবি, এতে প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। পরদিন রাতেও একই ধরনের হামলা চালিয়ে জাম্বুরা গাছের ডালপালা কেটে আরও ক্ষয়ক্ষতি করা হয়।

ভুক্তভোগী আরিফ খান জানান, দীর্ঘদিন ধরে দুষ্কৃতকারীরা রাতে তাদের বাড়িতে ঢিল ছুড়ে ভয়ভীতি দেখাচ্ছে। স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করেও কোনো ফল না পাওয়ায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।