গরু কিনতে জাল নোট, শামীমের ১০ বছরের কারাদণ্ড 

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৩:৩৩ পিএম

পটুয়াখালীর গলাচিপায় গরু কেনার সময় জাল নোট দেওয়ার মামলায় মো. শামীম হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।

সোমবার (৩১ আগস্ট) পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শহিদুল্লাহ এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালে গলাচিপায় গরু কেনার সময় শামীম জাল নোট দিয়ে দাম পরিশোধ করেন। বিষয়টি ধরা পড়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে এক লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয় বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে। 

এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫এ/বি ধারায় শামীমের বিরুদ্ধে মামলা করা হয়। পরে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পটুয়াখালী জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন বলেন, মামলায় এজাহারকারী এসআই নজরুল ইসলাম, তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামানসহ ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত শামীমকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত শামীম হোসেন দুমকি উপজেলার জলসা এলাকার মো. সোহরাব হোসেনের ছেলে।

সর্বশেষ সর্বাধিক পঠিত