বাগেরহাটে বিকাশ পরিবেশকের ২ লাখ টাকা ছিনতাই

বাগেরহাটে প্রকাশ্যে অস্ত্রের ভয় দেখিয়ে বিকাশ পরিবেশকের সেলস অফিসার সানি জাবির বাধনের কাছ থেকে দুই লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত।

বৃহস্পতবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের হেরেমের মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

এই ঘটনায় বিকাশের স্থানীয় পরিবেশক মেসার্স জাবেদ এন্টারপ্রাইজের মহাব্যবস্থাপক মো. হুমায়ুন কবীর কুদরতী সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তবে পুলিশ টাকা ছিনতাইকারীদের এখনও চিহ্নিত করতে পারেনি। পুলিশ অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছে।

বাগেরহাটের পরিবেশক মেসার্স জাবেদ এন্টারপ্রাইজের মহাব্যবস্থাপক মো. হুমায়ুন কবীর কুদরতী বলেন,  টাকা লেনদেনের বেসরকারি প্রতিষ্ঠান বিকাশের স্থানীয় পরিবেশক মেসার্স জাবেদ এন্টারপ্রাইজে কর্মরত সেলস অফিসার সানি জাবির বাঁধন বৃহস্পতিবার সকালে অফিস থেকে ব্যাগে নগদ তিন লাখ টাকা নিয়ে মোইরসাইকেলযোগে কচুয়া উপজেলার গজালিয়ার উদ্দেশ্যে রওনা দেন।

পথে তিনটি মোটরসাইকেলে থাকা ছয়জন জাবিরকে ভদ্রপাড়া গ্রামের হেরেমের মোড় এলাকায় গতিরোধ করে দেশীয় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে কাছে থাকা ব্যাগ, মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায়। ব্যাগে তিন লাখ টাকা ছিল। এরমধ্যে সেলস অফিসার পথে বেশ কয়েকটি দোকানে লেনদেন করেছে। ছিনতাইকারীরা নগদ দুই লাখ টাকার মতো নিতে পেরেছে। ছিনতাইয়ের ঘটনা পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে যায়। এই ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন বলেন, বিকাশের স্থানীয় পরিবেশকের দুই লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ছিনতাইকারী কারা তাদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনায় সাধারণ ডায়েরি নয় নিয়মিত একটি মামলা নেওয়া হবে।