অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে ঐতিহাসিক টেস্ট জয়ে নেতৃত্বে দেয়ার আত্মবিশ্বাস নিয়ে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে ফিরেছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। কেন্টের হয়ে ওস্টারশায়ারের প্রথম ইনিংসে ৪ উইকেট তুলে নিয়েছেন তিনি দুর্দান্ত বোলিংয়ে। তিনি ও ম্যাট মিলনেস মিলে অতিথিদের প্রথম ইনিংস ২১৭ রানেই গুটিয়ে দিয়েছেন।
ম্যাচের প্রথম দিনের শুরুটা অবশ্য কেন্টের ব্যাটিং দিয়ে হয়েছিল। ক্যান্টারবারিতে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ড্যানিয়েল বেল-ড্রামন্ডের সর্বোচ্চ ৫২ রানের ওপর ভর করে ২৩৮ রান সংগ্রহ করে কেন্ট। হাসান মাহমুদ শেষের দিকে ব্যাট হাতে নেমে ৬ বলে ৪ রান করে অপরাজিত থাকেন। ওস্টারশায়ারের হয়ে বল হাতে সর্বোচ্চ ৩ উইকেট নেন টম টেলর।
২৩৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ওস্টারশায়ারের দুই ওপেনার ড্যানিয়েল লেটগান ও জ্যাক লিব্বি দ্রুত রান তুলে কেন্টের বোলারদের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছিলেন। তবে প্রথম দিনের ইনিংসের ষষ্ঠ ওভারে বল হাতে এসে প্রথম ধাক্কাটি দেন হাসান মাহমুদ। ওভারের পঞ্চম বলে দুর্দান্ত এক ডেলিভারিতে ১৮ রান করা জ্যাক লিব্বির স্টাম্প ভেঙে দেন হাসান। ঠিক তার পরের বলেই নতুন ব্যাটার রেহান এডভালথকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে শূন্য রানে সাজঘরে ফেরত পাঠান তিনি। প্রথম দিনের খেলা শেষে ওস্টারশায়ার ২ উইকেটে ৮০ রান তুলে মাঠ ছাড়ে।
আজ ম্যাচের দ্বিতীয় দিনে নিজের সেই ধারাল বোলিংয়ের ধারাবাহিকতা বজায় রাখেন হাসান। ওস্টারশায়ারের সেট ব্যাটার ম্যাথিউ ওয়েটকে ১৫ রানে বোল্ড করার পর ইনিংসের শেষ ব্যাটার অ্যাডাম ফিঞ্চকেও এলবিডব্লিউ করে ২১৭ রানে প্রতিপক্ষের ইনিংসের সমাপ্তি টানেন তিনি। প্রথম ইনিংসে মোট ১৮ ওভার বল করে ৫টি মেডেনসহ ৬৮ রান খরচায় ৪টি গুরুত্বপূর্ণ উইকেট নিজের ঝুলিতে পোরেন হাসান।
এর আগে দুই ম্যাচে ১২ উইকেট নিয়েছিলেন হাসান মাহমুদ। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে প্রথম ম্যাচে ৯ উইকেট নেন তিনি। মিডলসেক্সের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে নেন ৩ উইকেট। কেন্টের হয়ে মোট ৬টি কাউন্টি ম্যাচ খেলার কথা রয়েছে তার।