আবুধাবিতে এসি মেরামত করতে গিয়ে প্রবাসীর মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নিজ বাসায় এয়ারকন্ডিশনার (এসি) মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুনুর রশীদ (৩৬) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে আবুধাবির বানিয়াস টাউনশিপের আল শোয়ামাখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুনুর রশীদের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নে। তিনি ওই এলাকার নুরুল ইসলামের ছোট ছেলে।

স্থানীয় সূত্র জানায়, দেড় দশকেরও বেশি সময় ধরে আবুধাবিতে বসবাস করছিলেন মামুনুর রশীদ। তিনি নির্মাণ ও আবাসন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

মঙ্গলবার সন্ধ্যায় বাসার এসিতে ত্রুটি দেখা দিলে নিজেই সেটি মেরামতের চেষ্টা করেন মামুনুর রশীদ। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান বলে জানা গেছে। দুর্ঘটনার সময় বাসার ওই কক্ষে অন্য কেউ ছিলেন না।

প্রায় তিন ঘণ্টা পর মাহবুব নামে তার এক পরিচিত ব্যক্তি কাজ শেষে বাসায় ফিরে মামুনুর রশীদকে মেঝেতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। তার হাত, মুখ ও বুক ঝলসে যাওয়ার চিহ্ন ছিল। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মাফরাক বিশেষায়িত হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দেশে তার স্ত্রী, সাত বছর বয়সী এক ছেলে এবং ১২ ও তিন বছর বয়সী দুই মেয়ে রয়েছে।

বর্তমানে মামুনুর রশীদের মরদেহ বানিয়াস সেন্ট্রাল মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি তদন্ত ও আনুষ্ঠানিকতা শেষে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।