হোয়াটসঅ্যাপে আসছে নতুন সুবিধা

আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন চ্যাট থিম চালু করছে হোয়াটসঅ্যাপ। নতুন এই সুবিধা চালুর ফলে হোয়াটসঅ্যাপ চ্যাটের ব্যাকগ্রাউন্ড নিজের পছন্দমতো সাজানোর পাশাপাশি অ্যানিমেটেড ওয়ালপেপারও ব্যবহার করা যাবে। নতুন যুক্ত হওয়া চ্যাট থিমগুলো পাঁচটি বিভাগে সাজানো থাকায় ব্যবহারকারীরা সহজেই নিজেদের পছন্দের থিম ব্যবহার করতে পারবেন।

আর হোয়াটসঅ্যাপের চ্যাট থিমের নতুন বিভাগগুলো হলো ফিচারড, নেচার, লাইভ, মিনিমাল ও ডুডল। এর মধ্যে ফিচারড বিভাগে হোয়াটসঅ্যাপের নকশা দলের বাছাই করা বিভিন্ন থিম থাকবে। নেচার বিভাগে চ্যাটের ব্যাকগ্রাউন্ডে প্রকৃতির বিভিন্ন দৃশ্য ব্যবহার করা যাবে। নতুন থিমের লাইভ বিভাগে থাকবে অ্যানিমেটেড ওয়ালপেপার।

থিমের থাম্বনেইলের ওপরের ডান দিকে ছোট ‘লাইভ’ চিহ্ন দেখে ব্যবহারকারীরা সহজেই অ্যানিমেটেড ওয়ালপেপার শনাক্ত করতে পারবেন। ফিচারড বিভাগে থাকা কোনো থিমে অ্যানিমেটেড ওয়ালপেপার থাকলেও একই চিহ্ন দেখা যাবে। মিনিমাল বিভাগে চ্যাটের ব্যাকগ্রাউন্ড হবে সাদামাটা। লাইট মোডে ব্যাকগ্রাউন্ডের রঙ সাদা ও ডার্ক মোডে কালো থাকবে। আর ডুডল বিভাগে ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপের পরিচিত ডুডল নকশার ওয়ালপেপার।

নতুন চ্যাট থিমের সুবিধা ধাপে ধাপে আইফোন ব্যবহারকারীদের জন্য চালু করা হচ্ছে। ফলে হোয়াটসঅ্যাপ হালনাগাদ করলেও সবাই এখনই নতুন এই সুবিধা দেখতে পাবেন না। গত ১৩ আগস্ট নাইনটুফাইভম্যাক হোয়াটসঅ্যাপের কোড বিশ্লেষণ করে নতুন থিম গ্যালারির বিষয়ে আগাম তথ্য প্রকাশ করেছিল। এবার সেই সুবিধাই আইফোন ব্যবহারকারীদের জন্য চালু করা হচ্ছে।