নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় মনির হোসেন নামে এক বৃদ্ধ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার জড়িত ট্রাকচালক ইয়াকুব হোসেনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার রূপসী নৌকার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন (৬৫) আড়াইহাজার উপজেলার পুরিন্দা এলাকার বাসিন্দা এবং রূপসী ঘাটে দৈনিক মজুরিতে মালামাল লোড-আনলোডের কাজ করতেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে ট্রাকচালক ইয়াকুব হোসেন এসিআই কোম্পানির ট্রাক নিয়ে রূপসী কাজীপাড়া সোনালী ঘাট থেকে ছেড়ে আসে। এসময় চালক ইয়াকুব হোসেন ফোনে কথা বলতে বলতে এক হাতে গাড়ি চালিয়ে পথে রূপসী ঘাট পৌঁছে বৃদ্ধ মনির হোসেন রাস্তা পারাপার হওয়ার সময় ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে স্থানীয়রা চালককে হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করে।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) পার্থ জানান, দুর্ঘটনায় জড়িক ট্রাক জব্দ ও চালক ইয়াকুব হোসেনকে আটক করা হয়েছে। উদ্ধার করা মরদেহ ও আটক ট্রাকচালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।