ফেনীতে থেমে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

ফেনী ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবু নোমান জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান, ইউনিক বাস ও একটি লং ভেহিকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ এএম

ফেনীর ছাগলনাইয়ায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে যাত্রীবাহী ইউনিক বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরাতন মুহুরীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফালিলপুর হাইওয়ে থানার পুলিশ জানায়, দুর্ঘটনাস্থলে একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে ছিল। পরে সেটি সরানোর জন্য একটি লং ভেহিকেলের সহায়তা নেওয়া হচ্ছিল। এসময় পেছন থেকে দ্রুতগতির ইউনিক পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের চালক, তার সহকারি ও ইউনিক বাসের চালকসহ চারজন গুরুতর আহত হন।

খবর পেয়ে ফালিলপুর হাইওয়ে থানার একটি মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার গোলাম নবী তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফেনী ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবু নোমান জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান, ইউনিক বাস ও একটি লং ভেহিকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন তিনি।

 

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত