১৭ বছরের দীর্ঘ এক অপেক্ষার অবসান ঘটিয়ে ঐতিহ্যবাহী লর্ডসে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী বছরের মে মাসে ইংল্যান্ডের এই হোম অব ক্রিকেটে গড়াবে দুই দলের লাল বলের লড়াই।
তবে মাঠের লড়াই মাঠে গড়ানোর প্রায় আট মাস আগেই শুরু হয়ে গেছে টিকেট সংগ্রহের লড়াই। লর্ডস কর্র্তৃপক্ষ সম্প্রতি তাদের অফিশিয়াল ওয়েবসাইটে ২০২৭ সালের আন্তর্জাতিক ম্যাচগুলোর জন্য সাধারণ দর্শকদের টিকিটের ব্যালট উন্মুক্ত করেছে। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত এই ব্যালটে আবেদন করার সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমীরা।
এরপর নভেম্বরের শুরুতে নির্বাচিতদের ইমেইলে ফলাফল জানিয়ে দেওয়া হবে এবং ১০ ডিসেম্বর থেকে শুরু হবে সবার জন্য উন্মুক্ত টিকিট বিক্রি। দীর্ঘ দেড় যুগ পর লর্ডসের সবুজ গালিচায় বাংলাদেশের টেস্ট দেখার রোমাঞ্চ এখন থেকেই নাড়া দিচ্ছে সমর্থকদের হৃদয়ে।
ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশের শেষ টেস্ট খেলার স্মৃতি পেছনে ফেলে এসেছে দীর্ঘ ১৭টি বছর। ২০১০ সালের সেই ঐতিহাসিক সফরে লর্ডসের বাইশ গজে বাংলাদেশ ক্রিকেট পেয়েছিল এক রূপকথার মুহূর্ত। সেবার মাত্র ৯৪ বলে দর্শনীয় এক সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মারকুটে ওপেনার তামিম ইকবাল, যা আজও লাল-সবুজের ক্রিকেট ইতিহাসে অমর হয়ে আছে।
কালের পরিক্রমায় সেই ম্যাচের নায়ক তামিম এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। তবে ১৭ বছর পর লর্ডসের মাঠে যখন নাজমুল হোসেন শান্ত বা মেহেদী হাসান মিরাজরা নামবেন, তখন নিশ্চয়ই নস্টালজজিক হয়ে উঠবেন খোদ বিসিবি বসও।
মাঠের ক্রিকেটে সাম্প্রতিক সময়েও নিজেদের সামর্থ্যের দারুণ প্রমাণ দিয়েছে বাংলাদেশ দল। কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার মাটিতে শক্তিশালী অসিদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ড্র করে এসেছে শান্ত-হাসানরা। সব মিলিয়ে, লর্ডসের ঐতিহাসিক বারান্দা আর লঙ রুমের হাতছানি এখন কড়া নাড়ছে বাংলাদেশ দলের দরজায়। ১৭ বছর আগের মধুর স্মৃতির পুনরুত্থান ঘটাতে এবং নিজেদের নতুন ঠিকানায় রাঙাতে এখন শুধু সময়ের অপেক্ষা।