বান্দরবানে আনন্দমুখর পরিবেশে পালিত জন্মাষ্টমী

যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে বান্দরবানে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় বান্দরবান রাজার মাঠ থেকে এক বর্ণাঢ্য মহাশোভাযাত্রা বের করা হয়।

পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং বেলুন উড়িয়ে মহাশোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

বেলুন উড়িয়ে মহাশোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সজীব কান্তি রুদ্র, পার্বত্য জেলা পরিষদের সদস্য জসিম উদ্দিন তুষার, সদস্য চনুমং মারমা, বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি বিপ্লব কান্তি দাশ রাজেশ্বর, বান্দরবান কেন্দ্রীয় শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের সভাপতি রিটল কান্তি বিশ্বাস এবং সাধারণ সম্পাদক অলক ধর। 

এছাড়া জেলার বিভিন্ন মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় সনাতনী সমাজের নেতৃবৃন্দ এতে অংশ নেন।

মহাশোভাযাত্রাটি রাজার মাঠ থেকে শুরু হয়ে বান্দরবান শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনারায় উৎসব প্রাঙ্গণে এসে শেষ হয়। 

শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী শিশু-কিশোর ও নানা বয়সের নারী-পুরুষ, দেব-দেবীর নানারূপ প্রতিকৃতিতে সেজে অংশ নেন। রঙ-বেরঙের পোশাক ও সাজসজ্জায় পুরো শহর উৎসবে মুখরিত হয়ে ওঠে।