ডেমরায় ইটের আঘাতে রিকশাচালককে হত্যা

রাজধানীর ডেমরায় মাদক সেবন নিয়ে দ্বন্দ্বে ইট দিয়ে থেতলিয়ে দেলোয়ার হোসেন (৫০) নামে এক রিকশা চালককে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনার পর ঘাতককে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে ডেমরা কামাড়গোপ ৪ নম্বর গেট মসজিদের পিছনে এই ঘটনা ঘটে। 

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) শীতল কুমার জানান, দেলোয়ার ব্যাটারি চালিত রিকশা চালাতেন। ভোরে কামারগোপ এলাকায় দেলোয়ারের পুর্ব পরিচিত রনির (২৫) সাথে মাদক সেবন নিয়ে দ্বন্দ্ব হয়। এক পর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এতে ঘটনাস্থলে মারা যান দেলোয়ার। 

পরে দেখতে পেয়ে এলাকার লোকজন রনিকে ধরে গণধোলাই দেয়। খবর পেয়ে সেখান থেকে রনিকে পুলিশ হেফাজতে নিয়ে পরবর্তীতে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। তার অবস্থাও আশংকাজনক। 

এসআই আরও জানান, দেলোয়ারের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।