মাঠের পারফরম্যান্সের চরম ব্যর্থতা এবং ডাগআউটের ভেতরের একের পর এক নাটকের পর অবশেষে পরিণতি যা হওয়ার সেটাই হলো। উজবেকিস্তানের তাসখন্দে চলমান এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে দলের পরপর দুই ম্যাচের ভরাডুবি এবং সহকারী কোচের সঙ্গে হাতাহাতিসহ নানা বিতর্কে জড়িয়ে পড়া ব্রিটিশ কোচ জেরার্ড জোন্সকে অবশেষে বরখাস্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
দুই বছরের চুক্তিতে আসা এই কোচের মেয়াদ দুই মাসও টিকল না।
উজবেকিস্তানে চলমান টুর্নামেন্টে নিজেদের প্রথম দুই ম্যাচেই ছন্নছাড়া ফুটবল খেলে হেরেছে বাংলাদেশ। শক্তিশালী উজবেকিস্তানের বিপক্ষে ২-০ গোলে হারের পর সিরিয়ার বিপক্ষে ৩-০ গোলের বড় ব্যবধানে পরাজিত হয় লাল-সবুজের যুবারা। এই হারের পরই মূলত জোন্সের বিদায় ঘণ্টা বেজে যায়।
গতকাল সিরিয়ার বিপক্ষে হারের পর রাতেই দলের টিম হোটেল থেকে তাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। অথচ তাসখন্দ যাওয়ার আগেও তার বরখাস্ত নিয়ে গুঞ্জন ডালপালা মেলেছিল। বিশেষ করে বেতনের বকেয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ এবং ঢাকায় সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সঙ্গে হাতাহাতি ও পুলিশ ডাকার মতো ঘটনায় বেশ বেকায়দায় ছিল বাফুফে। এমনকি উজবেকিস্তানে সহকারী কোচকে ডাগআউটে না রাখার জেদ ধরে চরম বিশৃঙ্খলা তৈরি করেছিলেন জোন্স।
এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন আগেই প্রায় হারিয়ে ফেলেছে যুবারা। আগামী ৬ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচটি এখন কেবলই নিজেদের সম্মান রক্ষার লড়াই। টুর্নামেন্টের এই শেষ ম্যাচে দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী কোচ আতিকুর রহমান মিশুকেই।
কোচ ছাঁটাইয়ের এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়ে আজ (শুক্রবার) দুপুরে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে। বাফুফের পক্ষ থেকে পাঠানো সেই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের কোচ জেরার্ড জোন্সকে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিল করেছে। আসন্ন এএফসি অনূর্ধ-২০ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় দলে অন্তবর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ আতিকুর রহমান মিশু।’