৯ দিনে কত আয় করল টক্সিক?

মুক্তির আগে বেশ শোরগোল ফেললেও মুক্তির পর ক্রমেই থেমে যেতে থাকে দর্শকের উন্মাদনা। কমতে শুরু করে ব্যবসা। কন্নড় তারকা যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ সিনেমাটি ৯দিনে বিশ্বব্যাপী আয় করেছে ৩২৮ কোটি রুপি। ২৬ আগস্ট বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পায় নির্মাতা গীতু মোহনদাসের এই সিনেমাটি। এতে যশ অভিনয় করেছেন দ্বৈত চরিত্রে। তার সঙ্গে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্তসহ আরও অনেকে। 

গীতু মোহনদাস পরিচালিত সিনেমাটি মূলত কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত হয়েছে। পাশাপাশি হিন্দি, তেলুগু, তামিল ও মালয়ালম ভাষায়ও মুক্তি পেয়েছে এটি। সিনেমার গল্পের পটভূমি ১৯৫০ থেকে ১৯৭০-এর দশকের গোয়া। সেখানে অপরাধজগতের উত্থান, ক্ষমতা, বিশ্বাসঘাতকতা, নৈতিকতা ও প্রতিশোধের গল্পে রায়া চরিত্রে দেখা গেছে যশকে।

সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়ার মধ্যেও বক্স অফিসে শুরুটা ছিল শক্তিশালী। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, প্রথম দিনে সব ভাষা মিলিয়ে ভারতে সিনেমাটি আয় করে প্রায় ১০১ কোটি ১০ লাখ রুপি নেট। দ্বিতীয় দিনে ৩৭ কোটি ৬৫ লাখ, তৃতীয় দিনে ২৭ কোটি ২০ লাখ, চতুর্থ দিনে ২৫ কোটি ১৫ লাখ এবং পঞ্চম দিনে ২৩ কোটি রুপি আয় করে। ষষ্ঠ দিনে সিনেমাটির আয় কমে দাঁড়ায় ৭ কোটি ৬৫ লাখ রুপি। সপ্তম দিনে ৭ কোটি ৮৫ লাখ, অষ্টম দিনে ৫ কোটি ৪৫ লাখ এবং নবম দিনে আরও ৪ কোটি ২৫ লাখ রুপি আয় করে ‘টক্সিক’। ফলে নয় দিনে ভারতে সিনেমাটির মোট নেট আয় দাঁড়িয়েছে ২৩৯ কোটি ৩০ লাখ রুপি। 

ভারতের বাজারে নেট আয়ের পাশাপাশি সিনেমাটির গ্রস আয় দাঁড়িয়েছে প্রায় ২৮৫ কোটি ৭০ লাখ রুপি। আর বিদেশের বাজার থেকে এসেছে প্রায় ৪২ কোটি ৭৫ লাখ রুপি। সব মিলিয়ে নয় দিনে ‘টক্সিক’-এর বিশ্বব্যাপী গ্রস আয় ৩২৮ কোটি ৪৫ লাখ রুপি।