যমজ কন্যাসন্তানের বাবা-মা হলেন ভারতীয় অভিনেতা আদিত্য শীল ও অভিনেত্রী আনুশকা রঞ্জন। সোশ্যাল মিডিয়ায় সুখবরটি জানিয়ে দুই মেয়ের নামও প্রকাশ করেছেন আদিত্য ও আনুশকা। দুই কন্যার নাম বীরা রঞ্জন শীল ও মাহী রঞ্জন শীল। দুই ছোট্ট মেয়ের ছবি-সহ একটি কার্ড ভাগ করে নিয়ে তাদের নাম এবং জন্মতারিখ প্রকাশ করেন দম্পতি। নিজেদের ‘প্রচণ্ড উত্তেজিত’ পরিবার বলে উল্লেখ করে আদিত্য লেখেন, দুই একরত্তির আগমনে তাদের জীবন আরও উজ্জ্বল হয়ে উঠেছে। সন্তানদের ঘিরে তাদের হৃদয় এখন ভালবাসা ও কৃতজ্ঞতায় পরিপূর্ণ।
এই আনন্দের নেপথ্যে রয়েছে দীর্ঘ অপেক্ষা ও কঠিন এক পথচলা। চলতি বছরের শুরুতে মাতৃত্বকালীন ছবি প্রকাশ করে আনুশকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন তারকা দম্পতি। নতুন সদস্যের অপেক্ষায় তখন থেকেই তাদের জীবনে শুরু হয়েছিল নতুন অধ্যায়। তবে সেই সুখবর প্রকাশ্যে আনতেও তারা কিছুটা সময় নিয়েছিলেন। চলতি বছরের মে মাসে এক সাক্ষাৎকারে আনুশকা জানিয়েছিলেন, বিয়ের খবর প্রকাশের তুলনায় সন্তানের খবর প্রকাশের সময় তিনি অনেক বেশি উদ্বিগ্ন ছিলেন। পরে নিজেদের ভিডিও চ্যানেলে সন্তানধারণের জন্য তার কঠিন আইভিএফ যাত্রার কথাও তুলে ধরেন অভিনেত্রী। সেই সময়ে স্বামী আদিত্যর কাছ থেকে পাওয়া নিরন্তর সহযোগিতার কথাও জানিয়েছিলেন তিনি।
আনুশকার কথায়, আইভিএফ প্রক্রিয়ার সময়ে তাকে অন্তত ১৫০টি ইঞ্জেকশন নিতে হয়েছিল। অনেক সময় সেই যন্ত্রণায় কেঁদেও ফেলতেন তিনি। পরিবার শুরু করার কথা তারা ২০২৩ সাল থেকেই ভাবছিলেন। পরে আনুশকার বোন আকাঙ্ক্ষা রঞ্জন তাকে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য উৎসাহিত করেন। আদিত্য ও আনুশকার সম্পর্কের শুরুটাও ছিল বেশ স্বাভাবিক এক পরিচয় থেকে। ২০১৭ সালের ২৬ জুন আনুশকার স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজিত একটি অনুষ্ঠানে তাদের প্রথম দেখা। সেই পরিচয় ধীরে ধীরে গড়ায় সম্পর্কে। কয়েক বছর প্রেমের পর ২০২১ সালের নভেম্বরে মুম্বইয়ে বিয়ে করেন তারা।
কার ইশারায় তমা মির্জার নিয়োগ? যোগ্যতাসহ নানা প্রশ্ন ব্যাংক মহলে
মাকে হত্যার ৫ দিন পর নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার