ময়মনসিংহ বিভাগের ‘সেরা ৫ ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ নির্বাচিত 

দেশের সবচেয়ে বড় বাংলা ভাষাভিত্তিক মেধাভিত্তিক টেলিভিশন রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’-এর সপ্তম বর্ষের ময়মনসিংহ বিভাগীয় বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ময়মনসিংহ জিলা স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতায় সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রাথমিক ও চূড়ান্ত বাছাই শেষে ময়মনসিংহ বিভাগের সেরা পাঁচ বাংলাবিদ ঢাকায় মূলপর্বে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে।

বাংলা সংস্কৃতি, শুদ্ধ বাংলা, বানান ও ভাষার সঠিক ব্যবহার নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ইস্পাহানি টি লিমিটেড সপ্তমবারের মতো আয়োজন করছে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ প্রতিযোগিতা।

ময়মনসিংহ বিভাগীয় বাছাইপর্বে বিচারকের দায়িত্ব পালন করেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক মাহফুজা মাহবুব ও প্রথিতযশা আবৃত্তিশিল্পী মাহীদুল ইসলাম। প্রতিযোগিতাটি পরিচালনা করেন চ্যানেল আইয়ের তাহের শিপন।

প্রতিযোগিতা শেষে নির্বাচিত সেরা পাঁচ বাংলাবিদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ এবং ইস্পাহানি টি লিমিটেডের বিভাগীয় ব্যবস্থাপক মীর মতিউল ইসলাম।

ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় ৪০ নম্বরের সাহিত্য ও ব্যাকরণভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন এবং ৩০ নম্বরের অনুধাবনমূলক প্রশ্নোত্তরের মাধ্যমে বিভাগীয় সেরা ২০ প্রতিযোগী নির্বাচন করা হয়। এরপর বিচারকেরা প্রতিযোগীদের উচ্চারণ, বানান ও ব্যাকরণের সঠিক প্রয়োগের দক্ষতা যাচাই করেন। এ ধাপের ভিত্তিতে সেরা পাঁচজনকে নির্বাচিত করা হয়, যারা ঢাকায় প্রতিযোগিতার মূলপর্বে অংশ নেবে।

এ ছাড়া অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ‘সুন্দর হাতের লেখা’ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে যথাক্রমে ৫ হাজার, ৩ হাজার ও ২ হাজার টাকা করে আর্থিক পুরস্কার ও সনদ দেওয়া হয়।

উল্লেখ্য, ঢাকায় অনুষ্ঠিত মূলপর্ব শেষে দেশসেরা বাংলাবিদ পাবেন ১০ লাখ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবেন যথাক্রমে ৩ লাখ ও ২ লাখ টাকার মেধাবৃত্তি। এ ছাড়া সেরা ১০ প্রতিযোগীর প্রত্যেককে একটি করে ল্যাপটপ এবং ব্যক্তিগত গ্রন্থাগার গড়ার জন্য ৫০ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি দেওয়া হবে।