মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটাল (এমসিডব্লিউ হসপিটাল) ও ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় এমসিডব্লিউ হসপিটাল প্রাঙ্গণে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
সমঝোতা স্মারকে এমসিডব্লিউ হসপিটালের প্রিন্সিপাল ও সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মেজর (অব.) শেখ ফিরোজ কবির এবং হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. মমিনুর রহমান মামুন স্বাক্ষর করেন। ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক (কারেন্ট চার্জ) মো. মিজানুর রহমান সিদ্দিকী।
এ সময় উপস্থিত ছিলেন এমসিডব্লিউ হসপিটালের সিনিয়র ভাইস চেয়ারম্যান রেজা করিম, ট্রাস্টি সদস্য ডা. শায়লা সাফিয়া চৌধুরী, ঢাকা রিজেন্সির ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. মাহমুদ হাসান এবং ডিরেক্টর অব এমআইএস মোর্শেদুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সমঝোতা অনুযায়ী, এমসিডব্লিউ হসপিটালের সদস্য, চিকিৎসক ও শিক্ষার্থীরা ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের আবাসন, খাবার, ওয়েলনেসসহ বিভিন্ন হসপিটালিটি সেবায় বিশেষ ছাড় ও অন্যান্য সুবিধা পাবেন।
অন্যদিকে, ঢাকা রিজেন্সির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা নিয়মিত ও জরুরি প্রয়োজনে এমসিডব্লিউ হসপিটালের বিভিন্ন চিকিৎসাসেবায় বিশেষ সুবিধা ও ছাড় পাবেন।
এ অংশীদারত্বের মাধ্যমে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার এবং উভয় প্রতিষ্ঠানের সদস্যদের জন্য অধিকতর সুবিধা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।