অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি অর্জন করতে হবে: খাদ্যমন্ত্রী

মানিকগঞ্জে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের আহ্বানের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার মানসিক শক্তি অর্জন করতে হবে। কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় না দেওয়ার পাশাপাশি সবাইকে এর বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, ধর্ম ও বর্ণের পার্থক্য ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তুলতে হবে। সহযোগিতা ও সহমর্মিতার চর্চার মধ্য দিয়েই মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হয়। অশুভ শক্তিকে প্রতিহত করে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

দেশের মানুষের পারস্পরিক ঐক্যের বিষয়টি তুলে ধরে আফরোজা খানম রিতা বলেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান—সব সম্প্রদায়ের মানুষের অভিন্ন পরিচয় বাংলাদেশি। ধর্মীয় পরিচয় আলাদা হলেও দেশের নাগরিক হিসেবে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশের বৈচিত্র্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ অটুট রাখতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

মানিকগঞ্জের প্রসঙ্গ তুলে ধরে খাদ্যমন্ত্রী বলেন, বিপদে-আপদে পরস্পরের পাশে দাঁড়ানোর যে ঐতিহ্য রয়েছে, সেটিই মানিকগঞ্জের মানুষের শক্তি। ধর্ম-বর্ণের বিভাজন ভুলে ‘আমরা মানিকগঞ্জবাসী’ পরিচয়কে গুরুত্ব দিয়ে জেলার সবাই ঐক্যবদ্ধ থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আলোচনা সভা শেষে জন্মাষ্টমী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি মানিকগঞ্জ শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেন। শোভাযাত্রাকে কেন্দ্র করে শহরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির মুখপাত্র অ্যাডভোকেট নূরতাজ আলম বাহার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রণব শিকদার এবং মানিকগঞ্জ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র সরকার।