জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জনসচেতনতা বৃদ্ধি এবং জলবায়ুবিষয়ক সংবাদ আরও কার্যকরভাবে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে পটুয়াখালীতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালী কোডেক ট্রেনিং সেন্টারে এ কর্মশালার উদ্বোধন করা হয়। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পরিচালনায় ‘বাংলাদেশে জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। বিশেষ অতিথি ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহাম্মদ হিরুজ্জামান এনডিসি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নিয়েছেন। তিন দিনের প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনজনিত সংকট, এর সঙ্গে অভিযোজন ও সহনশীলতা অর্জনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে।
পাশাপাশি জলবায়ু বিষয়ে আরও কার্যকর ও জনসচেতনতামূলক সংবাদ কীভাবে পরিবেশন করা যায়, সে বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হবে।