বই পরিচিতি

টাক ডুমা ডুম বাজনা বাজে

শিশুমন নানা কল্পনায় আঁকা। সে খোঁজে তার কল্পনার সঙ্গে মিল রেখে একটি পৃথিবী। সেই দুনিয়ার খোঁজ দিতে পারে রূপকথার গল্প আর ছড়া-কবিতা। তার মনের মাঝে যে রঙ খেলা করে সেই রঙ ধারণ করতে পারে এই শিশুসাহিত্যের ক্যানভাস। শিশুদের সেই রঙিন মনের উজ্জ্বল রঙগুলো ধারণ করেই তাদের জন্য ছড়ার পসরা সাজিয়েছেন ছড়াকার সরদার আবুল হাসান তার ‘টাক ডুমা ডুম বাজনা বাজে’ বইতে। বইটিতে মোট চৌদ্দটি ছড়া রয়েছে। ছড়াগুলো হলো, আঁকছি ছবি রঙতুলিতে, কাশের বনে বাতাস নাচে, স্বাধীনভাবে ঘুরে বেড়ায়, চাঁদ হাসে জোছনায়, চিত্রে আঁকা স্বদেশ আমার, নাচছে ছানা তাধিন ধিন, একুশ তোমার স্মৃতি ঘিরে, এক যে ছিল খুড়ো, চোখের তারায় দোদুল দোলে, অল্পে মিনি তুষ্ট থাকে, টাক ডুমা ডুম বাজনা বাজে, নাচবো এবং করব খেলা, রোদের ঝিলিক ও তাকধিনাধিন। ছড়াগুলোতে শিশু মনের উচ্ছ্বসিত ভাবনার সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে স্বদেশ ও ভাষা নিয়ে মমত্ববোধ ও ভালোবাসা। সেই সঙ্গে স্থান পেয়েছে প্রকৃতির সন্তান বিভিন্ন পশু ও পাখিরাও। তাদের স্বভাব ও বৈশিষ্ট্য ছড়ার তালে প্রতিষ্ঠিত করেছেন ছড়াকার ছড়াগুলোতে। এর ফলে শিশুদের সঙ্গে প্রাণ ও প্রকৃতির মৈত্রীভাব প্রতিষ্ঠিত হবে। প্রাকৃতিক ছন্দে অণুরিত হবে আগামী প্রজন্ম।

বইটি তোমাদের পছন্দ হবে।