মাশুল গুনছেন তাপসী পান্নু

নারীপ্রধান চলচ্চিত্রের ব্যর্থতা এবং তা কীভাবে পুরো ইন্ডাস্ট্রিতে প্রভাব ফেলে, তা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী তাপসী পান্নু। সম্প্রতি জুম টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, আলিয়া ভাট অভিনীত বড় বাজেটের ছবি ‘আলফা’র বক্স অফিস বিপর্যয় তার নিজের একাধিক কাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। কারণ, এমন ছবি ব্যর্থ হলেই বিনিয়োগকারীরা পিছিয়ে যান।

তাপসীর মতে, পুরুষশাসিত বড় বাজেটের ছবিগুলোর কাহিনি সবসময় নিখুঁত না হলেও দর্শকরা তা গ্রহণ করেন। অথচ নারীপ্রধান ছবির ক্ষেত্রে প্রত্যাশার পারদ থাকে আকাশছোঁয়া। সামান্য ভুলত্রুটিও দর্শক বা প্রযোজকরা ক্ষমা করতে চান না। ‘আলফা’ ফ্লপ করার পর বিনিয়োগকারীদের মানসিকতা কীভাবে বদলেছে, তা তুলে ধরে তিনি বলেন, ‘তারা সরাসরি বলছেন, এমন বড় তারকার নারীপ্রধান ছবি যখন চলছে না, তখন ছোট বা মাঝারি ছবি বানিয়ে লাভ কী? ফলস্বরূপ আমার কথা চলতে থাকা ২-৩টি স্ক্রিপ্ট বাতিল হয়ে গেছে।’

ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের ছবি ‘আলফা’ ১৩০ কোটি রুপি বাজেটে তৈরি হয়ে বিশ্বজুড়ে মাত্র ১০০ কোটি রুপি আয় করে। তবে মুদ্রার অপর পিঠও দেখিয়েছেন তাপসী। তিনি জানান, কোনো নারীপ্রধান ছবি সফল হলে আবার উল্টো হাওয়া বয়। তখন রাতারাতি নতুন নতুন প্রজেক্টের প্রস্তাব আসতে শুরু করে। বর্তমানে দেবশীষ মাখিজা পরিচালিত অ্যাকশন থ্রিলার ‘গান্ধারী’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন তাপসী, যা নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে।