সালমান শাহ স্মরণে প্রেক্ষাগৃহে ‘লাভ ৯৬’ 

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ এএম

মৃত্যুর তিন দশক পরও ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহর জনপ্রিয়তা ও আবেদন কমেনি, বরং দিন দিন বাড়ছে। নব্বইয়ের দশকে তাকে ঘিরে তৈরি হওয়া আবেগ এবং ১৯৯৬ সালের সেপ্টেম্বরে তার আকস্মিক প্রয়াণের প্রেক্ষাপট নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘লাভ ৯৬’ গতকাল শুক্রবার ঢাকাসহ দেশের ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ইভান মল্লিক পরিচালিত এই সিনেমায় এক অন্ধ সালমানভক্তের গল্প তুলে ধরা হয়েছে। পরিচালক জানান, ছোটবেলায় সালমান শাহর মৃত্যুর খবর শুনে তিনি ভীষণ ব্যথিত হন এবং পরে ভক্তদের নানা আবেগের গল্প তাকে গভীরভাবে নাড়া দেয়। ২০০৮ সালেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন এমন একটি কাজ করার। সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ ঘটছে নতুন জুটি আরিয়ান খান ও পূর্ণতার। তাদের চরিত্রের নাম রাখা হয়েছে ‘খসরু’ ও দোলা’, যা নেওয়া হয়েছে সালমান-শাবনূর জুটির কালজয়ী সিনেমা ‘আনন্দ অশ্রু’ থেকে। নব্বইয়ের দশকের আবহ ও ভালোবাসার গল্প ফুটিয়ে তোলা এই ছবিটি পুরনো দিনের আবেগকে নতুন করে ফিরিয়ে আনবে বলে নির্মাতার প্রত্যাশা।

সর্বশেষ সর্বাধিক পঠিত