নির্বাচকদের ভাবনায় সাব্বির-রুবেল

অস্ট্রেলিয়ায় সদ্য শেষ হওয়া টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে ব্যাট হাতে ভালো করেছেন সাব্বির। বোলিংয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ ২৩ উইকেট শিকার করেন রহস্য স্পিনার মোহাম্মদ রুবেল। দুজনেরই পারফরম্যান্স নজর কেড়েছে নির্বাচকদের। যদিও আসন্ন এশিয়ান গেমসের দলে তাদের জায়গা হয়নি, তবে ভবিষ্যৎ পরিকল্পনায় রাখার কথা জানান প্রধান নির্বাচক হাবিবুল বাশার।

এশিয়ান গেমসের জন্য অন্তত ৩ মাস আগে ৩০ সদস্যের দল জমা দিতে হয়। সেই সময় রুবেলের পারফরম্যান্স বিবেচনায় তাকে দলে রাখার মতো পরিস্থিতি ছিল না বলে জানান হাবিবুল। পরে ভালো পারফরম্যান্স করলেও নিয়মের কারণে দলে পরিবর্তনের সুযোগ নেই বলেই মন্তব্য করেন এই প্রধান নির্বাচক, ‘এশিয়ান গেমসে রুবেলকে নেওয়ার সুযোগ ছিল না। কারণ ৩০ জনের যে দল দিতে হয়, সেটি তিন মাস আগে দিতে হয়েছে। গেমসের কিছু নিয়মকানুন আছে। এর বাইরে পরিবর্তন করার কোনো সুযোগ থাকে না। যখন আমরা দলটা দিয়েছি, তখন আসলে রুবেলের অতটা উল্লেখযোগ্য পারফরম্যান্স ছিল না।’

তবে এশিয়ান গেমসের দলে জায়গা না হলেও রুবেলের সাম্প্রতিক পারফরম্যান্স নির্বাচকদের নজর এড়ায়নি। এর আগে মিরপুরে হাই পারফরম্যান্স দলের হয়ে মালয়েশিয়ার বিপক্ষেও বল হাতে আলো ছড়ান তিনি। এরপর অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টিতে ২৩ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি হন। রুবেলকে নিয়ে হাবিবুল আরও বলেন, ‘বর্তমানে সে খুব ভালো করছে। মালয়েশিয়ার বিপক্ষে ভালো বোলিং করেছে। টপ এন্ডেও ভালো বোলিং করেছে। অবশ্যই সে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় থাকবে।’

এদিকে দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকা সাব্বিরও এখন নির্বাচকদের নজরে। তাকে মূল স্রোতে ফেরানোর প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ হাইপারফরম্যান্স দলের (এইচপি) সঙ্গে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে সুযোগ দেয় বিসিবি। সেখানে সাত ম্যাচে ১২৪.৩২ স্ট্রাইক রেটে ১৮৪ রান করেন সাব্বির। এই সংস্করণে তার ব্যাটিংয়ের ধরন নিয়ে সন্তুষ্ট নির্বাচকরা। তবে এখনই জাতীয় দলে ফেরার সুযোগ তৈরি হয়নি বলে দাবি হাবিবুলের, ‘সাব্বিরকে নিয়ে আমরা চিন্তাভাবনা করেছি। টপ এন্ডে ভালো ব্যাটিং করেছে। সামনে আমাদের অনেক খেলা আছে, সে পরিকল্পনায় আছে। রুবেলের মতো সেও একেবারে পরিকল্পনার বাইরে নয়, সাব্বির বাদ পড়েনি। ও অনেকদিন পর দলে ফিরেছে। ভবিষ্যতে কী হবে, দেখা যাক।’