জোন্সের বিদায় ডাগআউটে মিশু

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ এএম

এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের বাছাইয়ে টানা দুই ম্যাচে হারের পর বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচ জেরার্ড জোন্সকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সিরিয়ার বিপক্ষে ৩-০ গোলের হারের পরই ব্রিটিশ কোচকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয় বাফুফে। সূত্রে জানা গেছে, শিগগিরই বাড়ি ফেরার পথ ধরবেন ব্রিটিশ এ কোচ। তার আগে অবশ্য উজবেকিস্তানে দলের হোটেল থেকেও বের করে দেওয়া হয়েছে তাকে। অন্য হোটেলে রাতযাপন করছেন তিনি। ফলে আগামী ৬ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের ডাগআউটে থাকবেন সহকারী কোচ আতিকুর রহমান মিশু। দলের ম্যানেজার সামিদ কাশেম ও বাফুফের পক্ষ থেকে মিশুকে এ বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে।

সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশের লক্ষ্য ছিল এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের মূল পর্বে জায়গা করে নেওয়া। সেই লক্ষ্যেই ব্রিটিশ কোচ জোন্সকে নিয়োগ দিয়েছিল বাফুফে। তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা বিতর্কে জড়ান তিনি। কখনো বেতন নিয়ে অভিযোগ, আবার কখনো সহকারী কোচের সঙ্গে হাতাহাতির ঘটনায় আলোচনায় আসেন জোন্স।

এদিকে দুপুরের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেরার্ড জোন্সকে চলমান দায়িত্ব থেকে অব্যাহতির পাশাপাশি তার সঙ্গে চুক্তি বাতিলের কথা জানায় বাফুফে। বাফুফের সাধারণ সম্পাদক ই-মেইলের মাধ্যমে জোন্সকে বরখাস্তের চিঠি দিয়েছেন। দুই বছরের চুক্তিতে বাংলাদেশে এসেছিলেন জোন্স।

সর্বশেষ সর্বাধিক পঠিত