উইপোকার ‘দাপটে’ কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা

কুমিল্লা সার্কিট হাউসের বরাদ্দ করা কক্ষে প্রচুর উইপোকা দেখে ক্ষোভ প্রকাশ করে রাত্রিযাপন না করেই স্থান ত্যাগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ঘটনাটি ঘটে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান।

দলীয় সূত্র জানায়, ১১-দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচিতে অংশ নিতে শুক্রবার রাতে ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য ডা. তাহের। তার রাত্রিযাপনের জন্য আগে থেকেই সার্কিট হাউসের ‘রাধাচূড়া-২০২’ নম্বর কক্ষটি বরাদ্দ রাখা হয়েছিল।

নেতাকর্মীদের অভিযোগ, রাত ১০টার দিকে ডা. তাহের ওই কক্ষে গিয়ে দেখতে পান কক্ষের চারপাশ, ব্যবহারের আসবাবপত্র ও কম্বলে উইপোকার উপদ্রব। পরিস্থিতি দেখে তিনি দায়িত্বে থাকা কর্মচারীকে দ্রুত কক্ষ পরিবর্তন এবং নতুন একটি কম্বলের ব্যবস্থা করতে বলেন। তবে তাৎক্ষণিকভাবে এর কোনো সুরাহা করা হয়নি। দীর্ঘ সময় অপেক্ষা করার পরও বিকল্প কক্ষ না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে সার্কিট হাউস ত্যাগ করে অন্যত্র রাত্রিযাপনের সিদ্ধান্ত নেন তিনি।

ঘটনার পর সার্কিট হাউসের ওই কক্ষের উইপোকা ছড়িয়ে থাকার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান বলেন, কুমিল্লা সার্কিট হাউসটি আধুনিক ও সুসজ্জিত হলেও ভিআইপি অতিথিদের আবাসন ব্যবস্থা অত্যন্ত নাজুক। উইপোকার দাপটে শেষ পর্যন্ত আমাদের নেতা সার্কিট হাউস ছেড়ে অন্যত্র থাকতে বাধ্য হন।

অভিযোগের বিষয়ে জানতে শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কুমিল্লার নেজারত ডেপুটি কালেক্টরের (এনডিসি) সরকারি ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে নাম প্রকাশ না করার শর্তে জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, নতুন এই সার্কিট হাউসে আরও একাধিক কক্ষ খালি ছিল। অন্য একটি কক্ষের চাবি আনতে কিছুটা দেরি হওয়ায় তিনি সার্কিট হাউস ত্যাগ করেন।