নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া সিটি হকার্স মার্কেট সংলগ্ন এলাকা থেকে শুভ দাস নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক সোয়া ১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, হকার্স মার্কেট সংলগ্ন রাস্তার মাথায় খোকন সাহেবের বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে নারায়ণগঞ্জ সদর থানার এসআই মো. কাজল মিয়া ঘটনাস্থলে উপস্থিত হন। প্রথমে নিহতের পরিচয় শনাক্ত না করা গেলেও পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্ত করা হয়।
নিহত শুভ দাস চাঁদপুরের মতলব দক্ষিণ থানার মতলব বাজার এলাকার হরি চন্দ্র দাসের ছেলে। তিনি বর্তমানে নারায়ণগঞ্জের গলাচিপা এলাকায় বিশার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন বলে জানায় পুলিশ।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) মর্গে পাঠায়। কীভাবে শুভ দাস গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কারা জড়িত বা হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
এদিকে শনিবার সকাল থেকে ঘটনাস্থলের সামনে হকার্স মার্কেটের বেশীরভাগ দোকানপাট বন্ধ থাকতে দেখা গেছে। আতঙ্কে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক দোকানদাররা জানান, হকার্স মার্কেটের পেছনে প্রেসিডেন্ট রোডে যাওয়ার গলিতে দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা চলে আসছে। দুইদিন আগে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শীর্ষ মাদক ব্যবসায়ী অনিকের বাড়িতে অভিযান চালায়। এসময় বিপুল সংখ্যক ধারালো অস্ত্র ও গাজা উদ্ধার করা গেলেও অভিযান টের পেয়ে মাদক ব্যবসায়ী অনিকসহ বাকীরা পালিয়ে যায়। ডিবির অভিযানের সময় সোর্স শুভ দাস ডিবি পুলিশের সঙ্গে ছিল। এরই জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে।