আখ খেতে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, গ্রেপ্তার ১

রাজবাড়ীর গোয়ালন্দে আখ খেতে দেওয়া অবৈধ বিদ্যুৎ সংযোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যুর ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকসন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায় র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার এডি মেজর ফারহান মাহমুদ মোক্তাদা।

গ্রেপ্তার ব্যক্তির নাম রফিকুল ইসলাম মৃধা (৩৫)। তিনি গোয়ালন্দ উপজেলার আইনুদ্দিন প্রামানিক পাড়ার জলিল মৃধার ছেলে।
র‌্যাব জানায়, বিদ্যুতায়িত হয়ে নারী মৃত্যুর ঘটনায় মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য গোয়ালন্দ ঘাট থানা পুলিশ র‌্যাবের কাছে একটি অধিযাচনপত্র প্রেরণ করা হয়। তারই ধারাবাহিকতায় আসামিকে গ্রেপ্তারের অভিযান পরিচালনা কর হয়। 

ফরিদপুরের কোতায়ালী থানার বেপারী পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‌্যাব।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর উপজেলার চর দৌলতদিয়ার বাসিন্দা নবিরন নেসা (৫৫) নামে এক নারী ধানের জমিকে কাজ করতে গিয়ে নিখোঁজ হয়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর পাশের আখ খেত থেকে স্বজনেরা ওই নারীর মরদেহ উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যায়। পরে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে মরদেহ বাড়িতে নিয়ে পরের দিন  দাফন করার প্রস্তুতি নিচ্ছিল পরিবার।

এক পর্যায়ে জানা যায় আখ খেতে চুরি ঠেকাতে অবৈধ বিদ্যুৎস্পৃষ্টে ওই নারীর মৃত্যু হয়েছে। পরে পুলিশ গিয়ে মরদেহ নিয়ে এসে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় নিহতের মেয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা করেন।