ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৫ সেপ্টেম্বর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে ফেনী ব্যাটালিয়ন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, চশমা, থ্রি-পিস, ওষুধ ও কাঠসহ বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।
জব্দকৃত পণ্যগুলোর মধ্যে বিভিন্ন চোরাচালান মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া জব্দ করা কাঠ সংশ্লিষ্ট বন বিভাগের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।