১১ দলীয় ঐক্যের লংমার্চে ফেনীর পথসভায় জনতার ঢল

১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ কর্মসূচি আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা থেকে চট্টগ্রামের অভিমুখে যাত্রা শুরু করে। লংমার্চের গাড়িবহর বিকেলে ফেনী জেলার মহিপালে পৌঁছালে নেতৃবৃন্দের গাড়িবহর ঘিরে ধরে উৎসুক জনতা। এ সময় নেতৃবৃন্দ গাড়ির ভেতর থেকে দাঁড়িয়ে জনগণকে অভিবাদন জানান।

ফেনী জেলা ১১ দলীয় ঐক্যের উদ্যোগে মহিপালে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালে ৫-৭ কিলোমিটার সড়ক জুড়ে জনসমুদ্রে পরিণত হয়। ফলে লংমার্চে জনগণের ব্যাপক অংশগ্রহণ ও সমর্থন দেখা যায়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা আমীর মাওলানা মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, এলডিপির চেয়ারম্যান সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ড. অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী।

আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিনসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও ফেনী জেলার দায়িত্বশীল নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা'ছুম এবং মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি। এছাড়াও ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও ফেনী জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।