ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আপত্তিকর কার্টুন-সহ পোস্টার প্রদর্শনের ঘটনায় টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রের সমালোচনা করল কলকাতা হাইকোর্ট। মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ ওই পোস্টারকে ‘রুচিহীন’ বলে মন্তব্য করে। আদালতের পর্যবেক্ষণ, কোনও বিশিষ্ট ব্যক্তিত্বকে নিয়ে এমন আপত্তিকর বিষয়বস্তু প্রকাশ্যে প্রদর্শন বা সামাজিক মাধ্যমে প্রচার করা উচিত নয়। শ্রীলেখার এই আচরণ ‘বিবেকে নাড়া দিয়েছে’ বলেও মন্তব্য করে আদালত।
ঘটনার সূত্রপাত ‘ককরোচ জনতা পার্টি’ আয়োজিত কলকাতার প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে। সেই মিছিলেই মোদীর আপত্তিকর ব্যঙ্গচিত্র-সহ পোস্টার হাতে শ্রীলেখাকে দেখা যায় বলে অভিযোগ। তবে মামলার শুনানিতে অভিনেত্রীকে অন্তর্বর্তী স্বস্তি দিয়েছে আদালত। আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত পুলিশের কোনো কঠোর বা দমনমূলক পদক্ষেপ থেকে তাকে সুরক্ষা দেওয়া হয়েছে।