বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিটের নির্বাচনে (২০২৬-২০২৮)আছিফ-জাহাঙ্গীর পরিষদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভা (ওজিএম) ও নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে মোহাম্মদ আছিফ চৌধুরী এবং সেক্রেটারি পদে মোহাম্মদ জাহাঙ্গীর আলম নির্বাচিত হন। একই সঙ্গে কার্যনির্বাহী সদস্য পদে ডা. এম এম সরোয়ার আলম, ডা. তাসলিম চৌধুরী, রায়হানুল আনোয়ার রাহী, জাহাঙ্গীর আলম বাবর ও অ্যাডভোকেট মুহাম্মদ রাহিম উদ্দিন চৌধুরী নির্বাচিত হয়েছেন।
চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে ইউনিটের আজীবন ও বার্ষিক সদস্যরা অংশগ্রহণ করেন। নির্ধারিত নির্বাচনী প্রক্রিয়া শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আছিফ-জাহাঙ্গীর পরিষদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ আছিফ চৌধুরী বলেন, সম্মানিত সদস্যরা আমাদের ওপর যে আস্থা ও দায়িত্ব অর্পণ করেছেন, আমরা তার যথাযথ মর্যাদা রক্ষা করতে চাই। সবাইকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের মানবিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার জন্য কাজ করব।
তিনি বলেন, দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি স্বাস্থ্যসেবা, রক্তসেবা ও সামাজিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা হবে। জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের সেবার মানোন্নয়নেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।