ঢাকা কমিউনিটি হাসপাতালকে এনসিসি ব্যাংকের আর্থিক অনুদান

এনসিসি ব্যাংক তাদের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) আওতায় ঢাকা কমিউনিটি হাসপাতালকে একটি অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন কেনার জন্য ১ কোটি টাকা অনুদান দিয়েছে। এই উদ্যোগের ফলে বিশেষ করে ট্রমা, স্ট্রোক ও ক্যান্সার রোগীদের দ্রুত রোগ নির্ণয় ও চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি সাশ্রয়ী স্বাস্থ্যসেবার পরিধি বাড়বে।

৫০০ শয্যার অলাভজনক এই হাসপাতালটি দীর্ঘদিন ধরে নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সুলভ স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। বর্তমানে হাসপাতালটিতে নিজস্ব উচ্চ রেজল্যুশনের সিটি স্ক্যান সুবিধা না থাকায় রোগীদের চিকিৎসাসেবায় কিছুটা প্রতিবন্ধকতা ছিল। এ ঘাটতি পূরণে এনসিসি ব্যাংক তাদের সিএসআর তহবিল থেকে এই অর্থ সহায়তা প্রদান করেছে।

সম্প্রতি এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী হাবিবুর রহমানের কাছে ১ কোটি টাকার চেক হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুস সালাম, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দিন, মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ ও মোরশেদুল আলম চাকলাদার, ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম, উপব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো. নজরুল ইসলাম চৌধুরী, এফসিএস।

হাসপাতালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ঢাকা কমিউনিটি হাসপাতাল (ডিসিএইচ) ট্রাস্টের নির্বাহী ও পরিচালক অধ্যাপক ডা. মো. ওমর শরীফ ইবনে হাসান, ডিসিএইচ ট্রাস্টের সদস্য সুকুমার চক্রবর্তী, মো. জাবেদ ইউসুফ ও মো. ওয়াকার হোসেন, সহকারী পরিচালক ডা. মো. ফুয়াদুল ইসলাম এবং সদস্য মো. আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম বলেন, ‘সুলভ ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতার অপরিহার্য অংশ। ঢাকা কমিউনিটি হাসপাতালে এই উচ্চক্ষমতাসম্পন্ন সিটি স্ক্যান স্থাপনের ফলে রোগীরা দ্রুত রোগ নির্ণয় ও চিকিৎসা পাবেন এবং তাঁদের ও তাঁদের পরিবারের ওপর আর্থিক চাপও কিছুটা লাঘব হবে।’

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, ‘এনসিসি ব্যাংকের সিএসআর উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা, বিশেষত দুরারোগ্য রোগে আক্রান্তদের জন্য। আজকের এই সহায়তা ঢাকা কমিউনিটি হাসপাতালের রোগ নির্ণয়ের সক্ষমতা বাড়াবে এবং আরও বেশি মানুষকে সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা দিতে সহায়তা করবে।’

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী হাবিবুর রহমান এনসিসি ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘মাত্র ২০ শয্যা দিয়ে শুরু করে আজ আমরা ৫০০ শয্যার প্রতিষ্ঠানে পৌঁছেছি। যারা ব্যয়বহুল চিকিৎসার ব্যয় বহন করতে পারেন না, তাঁদের সেবা দেওয়াই আমাদের অঙ্গীকার। এনসিসি ব্যাংকের এই অর্থ সহায়তা আমাদের রোগ নির্ণয় সেবার গুরুত্বপূর্ণ একটি ঘাটতি পূরণ করবে এবং এখন আমরা আরও দক্ষ ও সাশ্রয়ীভাবে সিটি স্ক্যান সেবা দিতে পারব।’