বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেন্ডি ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতালের ২০ বছর পূর্তি, মেন্ডি ডে ২০২৬ এবং প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার রায়েরবাজার রিভারভিউ মডেল টাউনের মেন্ডিয়ান্স গ্রিন গ্রাউন্ডে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেন্ডি ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতাল এবং স্পেশালাইজড হেলথকেয়ার ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও বিশিষ্ট অতিথিরা অংশ নেন। দুই দশকের পথচলা, অর্জন, ডেন্টাল শিক্ষায় অবদান এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। দিনব্যাপী আয়োজনে ছিল প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, কোরআন, গীতা, ত্রিপিটক ও বাইবেল পাঠ, জাতীয় সংগীত, প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, পুরস্কার ও সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ড. ফরহাদ হালিম ডোনার। তিনি দেশের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরেও ডেন্টাল স্বাস্থ্যসেবায় মেন্ডি ডেন্টাল কলেজের শিক্ষার্থী ও চিকিৎসকদের আরও সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফ. ড. হারুন আল রশিদ, সভাপতি, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব); ডা. জহিরুল ইসলাম শাকিল, মহাসচিব, ড্যাব; এবং ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডিএমডি, সভাপতি, বিএমপিএ অ্যান্ড বিপিএইচওডিএ। মেন্ডি ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতালের গভর্নিং বডির চেয়ারম্যান প্রফ. শেখ ফরহাদও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা মেন্ডি ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের দক্ষ ডেন্টাল পেশাজীবী হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তারা বলেন, এ ধরনের উদ্যোগ দেশের ডেন্টাল স্বাস্থ্যসেবা খাতে নতুন ও শক্তিশালী সুযোগ সৃষ্টি করতে পারে।সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ক্লোজিং সেরিমনি অ্যান্ড কালচারাল ফেস্ট ২০২৬। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ রাবিউল আলম এমপি, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী।ক্লোজিং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফ. ড. আবুল কেনান, পরিচালক, ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (NITOR) এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ড্যাব; ডা. মেহেদী হাসান, কোষাধ্যক্ষ, ড্যাব; প্রফ. ড. শাহ মুহাম্মদ আমানউল্লাহ, ফিজিশিয়ান অন স্পেশাল অ্যাসাইনমেন্ট, প্রধানমন্ত্রীর কার্যালয়; ডা. পারভেজ রেজা কাকন, সহকারী স্বাস্থ্যবিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি); এবং প্রফ. ড. খালেকুজ্জামান পিপু, সিনিয়র যুগ্ম সম্পাদক, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।মেন্ডি ডেন্টাল কলেজের প্রিন্সিপাল প্রফ. ড. সালাহউদ্দিন আল আজাদ বলেন, প্রযুক্তিগত অগ্রগতি এবং রোগীকেন্দ্রিক চিকিৎসার ওপর ক্রমবর্ধমান গুরুত্বের কারণে বিশ্ব স্বাস্থ্যসেবা ব্যবস্থা দ্রুত পরিবর্তিত হচ্ছে। দন্ত চিকিৎসা এখন আর প্রচলিত চিকিৎসা পদ্ধতির মধ্যে সীমাবদ্ধ নেই; এটি ক্রমেই আধুনিক, প্রযুক্তিনির্ভর, গবেষণাভিত্তিক ও প্রমাণনির্ভর চিকিৎসাবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখায় পরিণত হচ্ছে।
তিনি বলেন, ‘মেন্ডিয়ান্স’ নামে পরিচিত মেন্ডি ডেন্টাল কলেজের গ্র্যাজুয়েট, গবেষক ও চিকিৎসকরা এ পরিবর্তনের নেতৃত্ব দেবেন। একাডেমিক উৎকর্ষ, গবেষণা এবং মানবিক রোগীসেবার সমন্বয়ের মাধ্যমে মেন্ডি ডেন্টাল কলেজ আন্তর্জাতিক পর্যায়ে ডেন্টাল শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।প্রফ. ড. সালাহউদ্দিন আল আজাদ আরও বলেন, প্রস্তাবিত ন্যাশনাল ডেন্টাল ইউনিভার্সিটি (NDU) প্রতিষ্ঠা ডেন্টাল শিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে। স্পেশালাইজড হেলথকেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় প্রস্তাবিত এ বিশ্ববিদ্যালয় ডেন্টাল শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের আন্তর্জাতিক উৎকর্ষকেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে তিনি রিজেনারেটিভ থেরাপিউটিকস ও স্টেম-সেল প্রযুক্তি, থ্রিডি প্রিন্টিং ও অ্যাডিটিভ বায়োম্যানুফ্যাকচারিং, রোবোটিকস ও অটোমেশন এবং কনশাস সেডেশনের মতো আধুনিক প্রযুক্তি ও চিকিৎসা পদ্ধতির ওপর গুরুত্বারোপ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে মেন্ডি ডেন্টাল কলেজের শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা সংগীত ও বিভিন্ন পরিবেশনায় অংশ নেন। পাশাপাশি নদী (Nodi) ও এআরকে (ARK)-এর সংগীত পরিবেশনাও ছিল। দিনব্যাপী এ আয়োজন মেন্ডি ডেন্টাল কলেজের দুই দশকের সাফল্য, অর্জন ও ভবিষ্যৎ লক্ষ্য তুলে ধরার মধ্য দিয়ে শেষ হয়।