জেমসের পরামর্শ

প্রাপ্তির আশায় কেউ সংগীতে এসো না

সংগীতের প্রতি নিখাদ ভালোবাসা ও আত্মনিবেদন নিয়ে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নগরবাউল জেমস। প্রায় দুই মাস ধরে ইউরোপে সংগীত সফরে থাকা এই রক আইকন সম্প্রতি সুইডেনে এক সংবাদ সম্মেলনে সংগীতজীবন ও নিজের দৃষ্টিভঙ্গি নিয়ে খোলামেলা আলোচনা করেন।

নতুন প্রজন্মের শিল্পীদের উদ্দেশে জেমস স্পষ্ট জানান, কেবল প্যাশন ও নেশা থেকেই গান করা উচিত। কোনো প্রাপ্তি বা অর্জনের আশায় সংগীতে না আসার পরামর্শ দিয়ে তিনি বলেন, প্রাপ্তির হিসাব কষে গান করার কোনো অর্থ নেই; সংগীতের মাধ্যমে কিছু অর্জিত হলে তা বোনাস, তবে প্রশান্তির জন্যই মিউজিক করা উচিত।

আশির দশকের শুরুতে চট্টগ্রামের ‘ফিলিংস’ ব্যান্ডের মাধ্যমে যাত্রা শুরু করা এই তারকা জানান, জীবনের শেষ দিন পর্যন্ত তিনি মঞ্চে গেয়ে যেতে চান। এমনকি শেষ বয়সে গিয়ে যদি মাত্র একজন দর্শকও থাকেন, তাহলেও তার জন্য তিনি পারফর্ম করে যাবেন। আশির দশক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বহু প্রজন্মের পরিবর্তন ঘটলেও মঞ্চে দাঁড়ালে শ্রোতাদের সেই আগের মতোই ভালোবাসায় পূর্ণ মনে হয় বলে মন্তব্য করেন তিনি।

ইউরোপের সফর শেষে জেমস পাড়ি জমাবেন অস্ট্রেলিয়ায়। আগামী ১২ সেপ্টেম্বর নিউ সাউথ ওয়েলসে একটি বিশেষ কনসার্টে ওপার বাংলার জনপ্রিয় ব্যান্ড ‘ফসিলস’-এর রূপম ইসলামের সঙ্গে যৌথভাবে একই মঞ্চে পারফর্ম করবেন তিনি।