ভূমি অফিসে টানা ৩ বছর কর্মরতদের বদলির নির্দেশ

মাঠপর্যায়ে ভূমি অফিসে একই কর্মস্থলে তিন বছর বা তার বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে বদলি বা কর্মস্থল পরিবর্তনের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের হালনাগাদ তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। গত ১ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়।

এতে বলা হয়, ভূমি ব্যবস্থাপনা ও ভূমিসেবা জনগণের জীবন, জীবিকা ও সম্পদের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রম। এ কার্যক্রমে স্বচ্ছতা, নিরপেক্ষতা, জবাবদিহি ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সুষ্ঠু ও সময়োপযোগী পদায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পরিপত্রে বলা হয়েছে, ‘একই কর্মস্থলে দীর্ঘদিন দায়িত্ব পালনের ফলে স্থানীয় পর্যায়ে অতিরিক্ত ব্যক্তিগত যোগাযোগ ও স্বার্থসংশ্লিষ্টতা গড়ে ওঠার সম্ভাবনা থাকে। কোনো কোনো ক্ষেত্রে এটি দায়িত্ব পালনের নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি ব্যাহত করতে পারে। বিশেষত ভূমি ব্যবস্থাপনার মতো জনগুরুত্বপূর্ণ ও সংবেদনশীল কার্যক্রমে নিয়মিত পদায়ন বা রোটেশনের মাধ্যমে এ ধরনের ঝুঁকি কমানো এবং প্রশাসনিক গতিশীলতা বজায় রাখা সমীচীন।’

পরিপত্র অনুযায়ী, সরকারের বিদ্যমান নীতি ও নির্দেশনার আলোকে ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের একই কর্মস্থলে দীর্ঘকাল দায়িত্ব পালনে নিরুৎসাহিত করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে একই কর্মস্থলে তিন বছর বা এর বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে অন্যত্র বদলি বা কর্মস্থল পরিবর্তনের মাধ্যমে দায়িত্ব পালনের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন বলে পরিপত্রে উল্লেখ করা হয়। এ লক্ষ্যে প্রত্যেক বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নিজ নিজ অধিক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নাম, পদবি, বর্তমান কর্মস্থল, বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখ এবং কর্মকাল উল্লেখ করে একটি হালনাগাদ তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। তালিকা পর্যালোচনা করে একই কর্মস্থলে তিন বছর বা তদূর্ধ্বকাল কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে বদলি বা কর্মস্থল পরিবর্তনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে বলেও মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে।

তবে, পরিপত্রে আরও বলা হয়েছে, কোনো কর্মকর্তা-কর্মচারীকে তিন বছর পূর্ণ হওয়ার আগেও প্রশাসনিক প্রয়োজন, জনস্বার্থ, শৃঙ্খলা, অভিযোগ, কর্মদক্ষতা বা অন্য কোনো সুনির্দিষ্ট ও যৌক্তিক কারণে বদলি বা কর্মস্থল পরিবর্তনের প্রয়োজন হলে প্রচলিত বিধি-বিধান অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে।