শৈলকুপায় দুপক্ষের সংঘর্ষে শিশুসহ আহত ১২

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দলিলপুর গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে উভয় পক্ষের শিশুসহ ১২ জন আহত হয়েছেন। সে সময় বেশকিছু দোকানপাটসহ ৬টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। গতকাল শনিবার সকালে শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের দলিলপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে গ্রামবাসী আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এলাকাবাসী জানায়,  শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের বিএনপির দুই গ্রুপের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। তারই জের ধরে গতকাল বেলা ১১টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় ঢাল, সড়কি, রামদা ও গ্রাম্য অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষে শিশুসহ কমপক্ষে ১২ জন আহত হয়। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।