পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে কথাবার্তা চলছে। ভারতের সঙ্গে হাজার সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ নয়। প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্কই থাকা উচিত। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই। প্রতিমন্ত্রী বলেন, নতুন বাংলাদেশের বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা আছে। গতকাল শনিবার সিলেট নগরের দরগা গেইট এলাকার একটি হোটেলে সিলেটে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইমজা নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
গত শুক্রবার জুমার নামাজের পর হযরত শাহজালাল (রহ.) মাজারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বক্তব্য নিতে গিয়ে সাংবাদিকরা হেনস্তার শিকার হন। এ ঘটনার প্রতিবাদে বিএনপির সব অনুষ্ঠান ও কর্মসূচি বয়কটের ঘোষণা দেন সিলেটে কর্মরত টেলিভিশন সাংবাদিকরা। এরই প্রেক্ষাপটে গতকাল টেলিভিশিন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মতবিনিময়কালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বোয়িং কিনতে হবে, এটা কেউ চাপিয়ে দিচ্ছে না। চাহিদা আছে বলেই আমেরিকা থেকে বোয়িং কেনা হচ্ছে। প্রয়োজনে আরও কেনা হবে।’ রাশিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র, চীন, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের দৃঢ় সম্পর্ক রয়েছে। একই সঙ্গে রাশিয়ার সঙ্গেও একটি কার্যকর কর্ম সম্পর্ক গড়ে উঠছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই এমন একটি পররাষ্ট্রনীতির কাঠামো নিয়ে কাজ করছে, যেখানে বিশ্বের গুরুত্বপূর্ণ শক্তিগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ভারসাম্য বজায় থাকে। ওয়াশিংটন, বেইজিং, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি রাশিয়ার সঙ্গেও সম্পর্ককে গুরুত্ব দেওয়া হচ্ছে।’
নিরাপত্তা সহযোগিতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মক্কা চুক্তি নিয়ে আলাপ-আলোচনা চলছে। এতে যুক্ত হওয়া বাংলাদেশের জন্য অস্বাভাবিক নয়। অনেক দেশই এখন একাধিক নিরাপত্তা জোটে থাকছে। জাতীয় স্বার্থের ভিত্তিতে যেখানে যাওয়া দরকার, সেখানে যাওয়া হবে।
মতবিনিময়কালে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।